ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও ভায়াগ্রা উদ্ধার হয়েছে। গতকাল সোমবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। নায়েব সুবেদার ওসমান হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৪৮/এমপি সংলগ্ন পারগোপালপুর গ্রামের মাঠে তল্লাশি চালিয়ে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
একই সময়ে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার আলমগীর হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ৬৭/এমপি থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে গোয়ালপাড়া গ্রামের ইটভাটার পাশে তল্লাশি চালিয়ে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১০০ পিচ ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে গত রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি। হাবিলদার গোলাম মাওলার নেতৃত্বে ওই অভিযানে সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে প্রায় ২০০ গজ ভেতরে খোসালপুর গ্রামের ধানখেত থেকে ২৯৬ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব অভিযানে মাদকদ্রব্য আসামিবিহীন অবস্থায় উদ্ধার হয়।
সমীকরণ প্রতিবেদন