চুয়াডাঙ্গায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লোকজনের হামলায় বাবা-ছেলে গুরুতর জখম হয়েছেন। গতকাল সোমবার বিকেল চারটার দিকে পৌর এলাকার রেলপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- রেলপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে মিল্টু জোয়ার্দার (৬৫) ও তার ছেলে মাহেরুল কায়েস সিয়াম জোয়ার্দার (২৭)। বর্তমানে সিয়াম জোয়ার্দার চুয়াডাঙ্গা সদর হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জমি দখলকে কেন্দ্র করে মিল্টু জোয়ার্দারের বড় ভাই রমজান আলী জোয়ার্দার ‘ভাড়াটে সন্ত্রাসীদের’ মাধ্যমে এ হামলা চালান। দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। আহত মিল্টু জোয়ার্দার অভিযোগ করে বলেন, ‘আমার বড় ভাই রমজান আলী আমার জমি দখলের পাঁয়তারা করছিল। ওর জমি পাশেই আছে, কিন্তু সে আমার জমি নিতে চাইছিল। বিষয়টি নিয়ে বহুবার বৈঠক বসেছে। সমাধান না হওয়ায় আজ বিকেলে সে কয়েকজনকে নিয়ে আমার ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। আমি ও আমার ছেলে বাধা দিলে তারা বাঁশ, শাবল ও ইট দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমরা গুরুতর আহত হই। পরে পরিবারের লোকজন আমাদের সদর হাসপাতালে নিয়ে আসে।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, ‘সন্ধ্যায় জখম সিয়াম জোয়ার্দার ও তার বাবা মিল্টু জোয়ার্দার জরুরি বিভাগে আসেন। মিল্টু জোয়ার্দারকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে সিয়ামের মাথা ও কপালে জখম থাকায় তাকে ভর্তি রাখা হয়েছে।’ এদিকে হামলার ঘটনায় অভিযুক্ত রমজান আলী জোয়ার্দার লাল্টুকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানায় ভুক্তভোগীর পরিবার।
তবে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী বলেন, ‘পৈত্রিক জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধের জেরে মারামারির একটি ঘটনা সম্পর্কে জেনেছি। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়েছে, এমন তথ্য পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নিজস্ব প্রতিবেদক