আওয়ামী লীগকে ফলো করে কেউ রাজনীতি করার চেষ্টা করবেন না বলে নেতা-কর্মীদের সতর্ক করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বহালগাছি গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কুশল বিনিময় অনুষ্ঠানে তিনি এই সতর্ক করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, আপনার ছেলে মাদক ব্যবসা করবে, আপনি নেতাগিরি করবেন, আপনি সমাজে বড় বড় কথা বলবেন, মানুষ এটা চায় না। এটা আওয়ামী লীগ করে এসেছে। ফ্যাসিস্ট করে এসেছে। আওয়ামী লীগকে ফলো করে কেউ রাজনীতি করার চেষ্টা করবেন না। এটা জাতীয়তাবাদী দল, এটা তারেক রহমানের দল। এই সুযোগ এখানে নাই। আওয়ামী লীগকে ফলো করে কেউ যদি গ্রামে, মহল্লায় রাজনীতি করতে চান, তাহলে সে এখনো বোকার স্বর্গে বাস করছেন। আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম নজু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুবেল, সহসভাপতি আব্দুল হাই, যুগ্ম সম্পাদক রুহুল কুদ্দুস পঁচা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমসহ ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অংগসঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
নিজস্ব প্রতিবেদক