নিজেদের উন্নয়নের সাথে সাথে সমাজের উন্নয়ন করতে হবে
- আপলোড তারিখঃ
০২-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে যুব দিবস পালিত : র্যালি ও আলোচনা সভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক: আজকের যুবকেরা আগামী দিনের ভবিষ্যত। এর জন্য পরিকল্পিতভাবে যুবকদের কাজে লাগাতে হবে। তাদের কাজে লাগাতে পারলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের তালিকায় নাম লেখাবে। প্রতিনিয়ত বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। যুবসমাজকে সঠিকভাবে কাজে লাগিয়ে চীন, জাপান যে ভাবে উন্নতি করেছে বাংলাদেশ সেই পথেই আছে। বর্তমানে বাংলাদেশে দারিদ্রতার হার ১২% এর কিছু উপরে। আর বেকারত্বের হার ৪ শতাংশ। এখন আমরা স্বপ্ন দেখি ভিক্ষুকমুক্ত জেলা তৈরি করার। গতকাল বুধবার চুয়াডাঙ্গা যুব উন্নয়নের কনফারেন্স রুমে জাতীয় যুব দিবস-২০১৭ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ এসব কথা বলেন। অনেক ক্ষেত্রে বাংলাদেশ প্রথম স্থানে আছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘বাংলাদেশ এখন নিজেই স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে বাংলাদেশে যে পরিমান রিজার্ভ আছে দক্ষ জনশক্তি থাকলে সেটা আরো অনেক বেশি হত। আসুন আমরা প্রতিজ্ঞা করি নিজেদের উন্নয়নের সাথে সাথে সমাজের উন্নয়ন করবো।’ `যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন` স্লোগানে জাতীয় যুব দিবস-২০১৭ উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে দিবসটি পালন করে চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তর। সকালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ যুব উন্নয়ন কমপ্লেক্স চত্ত্বরে গাছের চারা রোপনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন। সহকারী ট্রেনার সহিদুল ইসলামের কোরআন থেকে তেলাওয়াতের পর আলোচনা সভায় চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, সাংবাদিক শাহআলম সনি, চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আহমেদ, সিনিয়র প্রশিক্ষক পশু পালন এফএম মাহামুদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রশিক্ষনার্থী শাহীন সুলতানা। এসময় সাবেক দু’জন সফল প্রশিক্ষনার্থী ফার্মপাড়ার আব্দুল করিম ও সালমা আক্তার বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে গাছের চারাসহ মোট ৯ জনকে যুবঋনের চেক প্রদান করা হয়। এ ছাড়াও ৭ জনকে অনুদানের চেক প্রদান করা হয়।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলমডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব রালী আলোচনা সভা, যুবঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। যুব উন্নয়ন অফিসের উদ্যোগে গতকাল সকাল ১০টার দিকে `যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন` শীর্ষক শ্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গায় রালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচন সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উৎপাদন বৃদ্ধির ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যামে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। এই লক্ষ অর্জনে যুব উন্নয়ন অধিদপ্তর এর মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কারিগরি শিক্ষা প্রদানসহ ঋণ সহয়তা দিয়ে আত্মনির্ভশীল করে গড়ে তুলছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীন আরা, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনিসুর রহমান। উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আলাউদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, অগ্রনী ব্যাংক কর্মকর্তা চান আলী প্রমুখ। অনুষ্ঠানে ১৩ জন প্রশিক্ষণার্থীকে ৫০ হাজার করে মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা প্রথম দফা ঋণ সহায়তা প্রদান করা হয় এবং ৪ জন প্রশিক্ষণর্থী শহিদুল ইসলাম, মাফুজ আহম্মেদ, কুলছুম আরা ও শাহাদত হোসেনকে তাদের স্বীকৃতি স্বরুপ সনদপত্র প্রদান করা হয়।
জীবননগর অফিস জানিয়েছে, ‘যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে জীবননগরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু হাসানুল আজিজ, জীবননগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, ইউডিএফ সমির কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন মনিরুজ্জামান আদুন, ইকরামুল হক, খালেদা বেগমসহ উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা ও জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামের যুব ও যুব মহিলাগন উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, জাতীয় যুবদিবস উপলক্ষে মেহেরপুরে যুবর্যালি, আলোচনা সভা, সনদপত্র ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসানের নেতৃত্বে একটি যুবর্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহামুদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি ফিরোজ আহমেদ, সেভ দি চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠিত শেষে যুব কল্যান তহবিল থেকে বেসরকারি প্রতিষ্ঠান অপরাজিতা, অনুপ্রেরণা দারিদ্র বিমোচন সংস্থা, মা মহিলা উন্নয়ন সংস্থাকে ২০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। বিভিন্ন কোর্সে পাশ করা ৮ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ ও পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরন করা হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়নের আয়োজনে সহযোগীতায় ছিলেন সেভ দ্যা চিলড্রেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়নের প্রশিক্ষক মাসুদ আল আহসান ও মিলেনিয়াম একাডেমির পরিচালক নিলুফার ইযাসমিন।
কমেন্ট বক্স