বঙ্গবন্ধুর ভাষণের ইউনেস্কো স্বীকৃতিতে ৭ দিনের কর্মসূচি
- আপলোড তারিখঃ
০২-১১-২০১৭
ইং
সমীকরণ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) স্বীকৃতি দেওয়ায় সারাদেশে সাত দিনব্যাপী কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল বুধবার (১ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকম-লীর এক জরুরি সভায় এই কর্মসূচি নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ নভেম্বর বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে, ৪ নভেম্বর দেশব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার ও সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে র্যালি, ৫ নভেম্বর সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া-প্রার্থনা, ৬ নভেম্বর রাজধানী ছাড়া সারাদেশে আনন্দ শোভাযাত্রা (বিকেল), ৭ নভেম্বর দেশব্যাপী আলোচনা সভা ও সেমিনারের আয়োজন, ৮ নভেম্বর সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, ৯ নভেম্বর দুপুরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের স্মৃতি-বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে (রেসকোর্স ময়দান) নাগরিক সমাবেশ করা হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই ৭ দিনের কর্মসূচি দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পালনের জন্য দলের সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
কমেন্ট বক্স