ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বি এম তারিখ উজ জামান নিজ হাতে ১২০ বান্ডিল ঢেউটিন এবং প্রতি বান্ডিলের সঙ্গে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এই ত্রাণ-সামগ্রী বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দুস্থ প্রতিষ্ঠান ও গৃহহীন মানুষের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, এই ঢেউটিন ও নগদ অর্থ পেয়ে অনেক অসহায় পরিবার উপকৃত হবেন এবং তাদের ঘর মেরামতের সুযোগ হবে।
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: