জমকালো আয়োজনে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে সদর উপজেলা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন হয় গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে। প্রথম দিনেই কুতুবপুর ও মাখালডাঙ্গা ইউনিয়ন জয় নিয়ে মাঠ ছাড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, কুতুবপুর ইউনিয়নের প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন, আলুকদিয়া ইউনিয়নের প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল আরিফ, সাবেক ফুটবলার মাহমুদুল হক লিটন ও তরিকুল ইসলাম তরু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ মালিক সুজন, বাবু মুন্সি, সাকিব বিশ্বাস, ফাইম উদ্দিন মুভিন, পুলিশের এসআই আব্দুর রহিম, মাখালডাঙ্গা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউল হক জিয়া ও মোশাররফ হোসেন।
প্রথম ম্যাচে কুতুবপুর ও আলুকদিয়া ইউনিয়ন মুখোমুখি হয়। টানটান উত্তেজনার ম্যাচে কুতুবপুর ১-০ গোলে জয় পায়। দলের ৯ নম্বর জার্সিধারী পলাশ একমাত্র গোল করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। দিনের দ্বিতীয় খেলায় মাখালডাঙ্গা ইউনিয়ন দাপটের সঙ্গে ৫-০ ব্যবধানে তিতুদহকে হারায়। দলের ২২ নম্বর জার্সিধারী হৃদয় একাই চারটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন, আরেকটি গোল করেন অধিনায়ক ইব্রাহিম। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য হৃদয় ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন। জয়ের পর মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার সাহা খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। দলের ম্যানেজার হিসেবে ছিলেন ইউনিয়ন উদ্যোক্তা তিতাস আহমেদ।
উদ্বোধনী দিনের ম্যাচে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মাহমুদুল হক লিটন ও তরিকুল ইসলাম তরু। রেফারির দায়িত্বে ছিলেন হাফিজুর রহমান হাফিজ, রফিকুন নবী রিয়ান, রেজাউল হক রিজু, লীটা হোসেন ও পারভেজ আহমেদ। আজ একই মাঠে অনুষ্ঠিত হবে আরও দুটি ম্যাচ। বেলা তিনটায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে পদ্মবিলা ও শঙ্করচন্দ্র ইউনিয়ন, আর বিকেল সাড়ে চারটায় দ্বিতীয় ম্যাচে লড়বে বেগমপুর ও গড়াইটুপি ইউনিয়ন।
নিজস্ব প্রতিবেদক