‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী চুয়াডাঙ্গা পৌর মুক্তমঞ্চে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বৃক্ষমেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বন বিভাগ চুয়াডাঙ্গা। র্যালিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিপরীতে অবস্থিত পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এরপর ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান একটি চারা গাছ রোপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, ‘আমরা আজকে এখানে সকলে সমবেত হয়েছি বৃক্ষের উপকারিতা এবং বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার জন্য। আমি ছোট বেলায় একটি কবিতা পড়েছিলাম, সেই কবিতায় বলা ছিল, “দাও ফিরিয়ে সেই অরণ্য, লও এ নগরী”। এখান থেকেই বোঝা যায় বৃক্ষের প্রয়োজনীয়তা কত। আমরা যে বেঁচে আছি, তা কিন্তু বৃক্ষের ওপরে নির্ভরশীল। আমরা যদি অক্সিজেন না পাই, তবে এক মিনিটিও বেঁচে থাকতে পারব না। একটি পরিসংখ্যান বলছে, বাংলাদেশের দূষণ যদি এই পর্যায়ে চলতে থাকে, এ জন্য বাংলাদেশের শিল্প উন্নত দেশগুলো বেশি দায়ী, এই শিল্প উন্নত দেশগুলোর গ্রীনহাউজ গ্যাস নিঃস্বরণ-এর জন্য বাংলাদেশ ও মালদ্বীপের মতো দেশের শতকরা ৫৫ শতাংশ আগামী ১০ বছরের মধ্যে ভূগর্ভস্থ পানিতে নিমজ্জিত হতে পারে। আমাদের যে তরুণ শিক্ষার্থীরা আছে, তাদের সচেতন হতে হবে এবং ফলজ বনজ ও ঔষধি গাছ সম্পর্কে জানতে হবে।’ চলতি বর্ষা মৌসুমে সকলকে বাড়ির আঙিনা কিংবা ফাকা জায়গাতে একটি করে বৃক্ষরোপনের আহ্বান জানান অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ। এসময় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, চুয়াডাঙ্গা বন বিভাগের কর্মকর্তা রকিব উদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক মুখ্য সংগঠক সজীবুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশিক্ষণ) তাজরিনা সুলতানা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন রকমের গাছের চারা তুলে দেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।
নিজস্ব প্রতিবেদক