দর্শনা কেরুজ অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেডে দেশী মদ বোতলজাত করণের কারণে মাদক শুল্ক বা রাজস্ব আদায় কমেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দর্শনা ডিস্টিলারি অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের আওতাধীন কেরু অ্যান্ড কোম্পানিতে দেশী মদ উৎপাদনে পরিবর্তিত ব্যবস্থার কারণে ২০২৪ সালের জুন মাসের তুলনায় ২০২৫ সালের জুন মাসে রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিষয়টি তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
তথ্য মতে, ২০২৪ সালের জুন মাসে কেরুজ থেকে মোট ৩৩টি গাড়ির প্রতিটি গাড়িতে গড়ে ২৮টি ড্রামে মদ সরবরাহ করা হয়, যা মোট ৮ হাজার ৬০০ লিটার। প্রতিলিটার ১২০ টাকা দরে এই বিক্রয় থেকে মোট ৩ কোটি ৪০ লাখ ৫৬ হাজার টাকা রাজস্ব আদায় হয়। অন্যদিকে, ২০২৫ সালের জুন মাসে কেবল ১১টি গাড়িতে বোতলজাত মদ সরবরাহ করা হয়। প্রতিটি গাড়িতে গড়ে ৭০০ কেসে ১২ লিটার হিসেবে সরবরাহ হয় মোট ৫ হাজার ৪০ লিটার। এই মদও প্রতিলিটার ১২০ টাকা দরে বিক্রি হলেও মোট বিক্রয়মূল্য দাঁড়ায় মাত্র ৬ লাখ ৪৮ হাজার টাকা। ফলে এই মাসে সরকার হারিয়েছে প্রায় ২ কোটি ৭৪ লাখ ৩ হাজার ২০০ টাকার রাজস্ব।
রাজস্ব আদায়ের এই বিপুল ঘাটতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে বিষয়টি তদন্তে সিনিয়র সচিব সিদ্ধার্থ ভৌমিকের নির্দেশে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন- এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোয়ার হোসেন এবং বিএসইফআইসি’র উপসচিব (বাণিজ্যিক) ও পরিচালক আজহারুল ইসলাম। এই কমিটি মোট আটটি বিষয়ে তদন্ত করবেন বলে জানা গেছে।
দর্শনা অফিস