খুলনা রেঞ্জের ১০ জেলার ৬৪ থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা জেলার পাঁচ থানায় একযোগে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। চুয়াডাঙ্গা সদর থানা থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এর আগে গতকাল বিকেলে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একযোগে ৬৪ থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধনের বিষয়ে সংবাদ সম্মেলন করেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক। তিনি জানান ডুমুরিয়া থানা থেকে রাত ১২টা ১ মিনিটে এই কার্যক্রম উদ্বোধন করা হবে।
চুয়াডাঙ্গায় উদ্বোধন অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘আগে শুধুমাত্র কোনো কিছু হারিয়ে গেলেই তার জন্য অনলাইন জিডি করা যেত। এখন সব ধরনের জিডির সুযোগ করে দেওয়া হয়েছে। এরমধ্যে দিয়ে আর পুলিশের কাছে তথা থানায় যাওয়ার প্রয়োজন হবে না। কেউ হুমকি দিলেও ঘরে বসেই করা যাবে জিডি। তবে কেউ মিথ্যা জিডি করলেও তার জন্য রয়েছে কঠোর আইন।’
অনলাইন জিডির সুবিধা সম্পর্কে পুলিশ সুপার বলেন, খুব সহজে নাগরিক তার অভিযোগ পুলিশকে জানাতে পারবেন। এছাড়া অভিযোগের সর্বশেষ অবস্থাও জানা যাবে। তদন্তকারী অফিসারের সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পারবেন অভিযোগকারী। এছাড়া অনলাইনের জিডির কপিও প্রিন্ট করা যাবে। এজন্য সংশ্লিষ্ট থানায় যাওয়ার প্রয়োজন হবে না। অনলাইনের জিডিতে থানার সিল-স্বাক্ষরের প্রয়োজন নেই। শুধুমাত্র যেটি অনলাইন জিডিতে উল্লেখ থাকবে তাতেই কাজ করা যাবে।
পুলিশ সুপার আরও বলেন, ‘সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই সেবা চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। যে কেউ ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে অনলাইন জিডি করতে পারবে। আগে শুধু হারানো জিডি করা যেত। এখন সব ধরনের ঘটনার জিডি করতে পারবে মানুষ। এই অ্যাপটিতে সব তথ্য রয়েছে। এতে সহজেই মানুষ জিডি করতে পারবে, ফলে ভোগান্তিও কমবে।’
এসময় জানানো হয়, এই সেবা নিতে একটি ‘অ্যাপ’ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে, যা ২৪ ঘণ্টা চালু থাকবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাকের সভাপতি রাজীব হাসান কচি, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) হোসেন আলীসহ থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক