চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌরসভা ও এর আওতাধীন এলাকায় রাস্তাঘাটে উন্মুক্তভাবে গবাদিপশু ছেড়ে দেওয়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। এ বিষয়ে গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্মুক্তভাবে গবাদিপশু ছেড়ে দেওয়ার কারণে রাস্তায় চলাচলের সময় দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতির পাশাপাশি সড়ক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায়, গবাদিপশুর মালিকদের তাদের পশু নিজ দায়িত্বে লালন-পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা আইনশৃঙ্খলা কমিটির জুলাই মাসের সিদ্ধান্ত অনুযায়ী, চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা পৌরসভা যৌথভাবে অভিযানে নেমেছে। রাস্তায় ছেড়ে দেয়া গবাদিপশু মালিদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। পশুর মালিক খুঁজে না পাওয়া গেলে সেসব পশুকে বেওয়ারিস হিসেবে বাজেয়াপ্ত করে সরকারি অনুকূলে নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক, পৌর প্রশাসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকগণ, থানা পুলিশ এবং আইসিটি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে সড়কে গবাদিপশুর উন্মুক্ত বিচরণ সমস্যার স্থায়ী সমাধান করে পথচারীসহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে মনে করছেন সচেতন নাগরিকরা।
নিজস্ব প্রতিবেদক