বুধবার, ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অপরাধ কমলেও বাড়ছে আত্মহত্যা, শহরে গরুর উৎপাতে উদ্বেগ

বাল্যবিয়ে, মাদক, চাঁদাবাজি ও ভেজাল ওষুধ নিয়ে ক্ষোভ
  • আপলোড তারিখঃ ১৪-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় অপরাধ কমলেও বাড়ছে আত্মহত্যা, শহরে গরুর উৎপাতে উদ্বেগ

চুয়াডাঙ্গা জেলায় গত জুন মাসে মোট ৯৯টি অপরাধ সংঘটিত হয়েছে, যা মে মাসের তুলনায় কম। মে মাসে ছিল ১৪০টি এবং গত বছরের জুনে ছিল ১১৯টি। এই তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘জেলায় অপরাধ কমলেও আত্মহত্যা ও অপমৃত্যুর সংখ্যা বেড়েছে, যা উদ্বেগজনক। গত জুন মাসে ২১টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে, যেখানে মে মাসে ছিল ১৮টি।’ গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা প্রশাসক বলেন, আত্মহত্যা সাধারণত একক কোনো কারণে ঘটে না; এটি একটি সামগ্রিক মানসিক পরিস্থিতির ফল। পারিবারিক কলহ, বাল্যবিয়ে, তালাকসহ বিভিন্ন কারণ এতে ভূমিকা রাখে। বাল্যবিয়ে রোধে কাজীদের সঙ্গে সভা করা হয়েছে এবং সরকারি আইনজীবীদের (জিপি, পিপি, এপিপি) সাথেও মতবিনিময় হয়েছে। আত্মহত্যা ও তালাক কমাতে সকলে যার যার অবস্থান থেকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। মাদক নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে বলে সভায় জানানো হয়। গত মাসের তুলনায় মাদকের পরিমাণ কিছুটা কমেছে। পাশাপাশি বিজিবির ভূমিকাও প্রশংসিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা, শিক্ষা, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, খাদ্যে ভেজাল, মোবাইল কোর্ট, প্লাস্টিক ও পাতলা পলিথিন, সড়ক নিরাপত্তা, সড়ক পরিবহন, সামাজিক যোগাযোগমাধ্যম ও আত্মহত্যাসহ ১২টি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস অভিযোগ করেন, হাসপাতাল এলাকায় গরুর উৎপাত বাড়ছে। হাসপাতাল চত্বরে গরুর অবাধ চলাচলে রোগী ও চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে। এসব গরুর কোনো মালিক খুঁজে পাওয়া যায় না বলে বারবার তাড়িয়েও লাভ হচ্ছে না। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন জেলা প্রশাসক। তিনি আরও জানান, কিটের অভাবে করোনার পরীক্ষা বন্ধ রয়েছে। ডেঙ্গু পরীক্ষার জন্য যেসব কিট পাওয়া যায়, সেগুলোর বেশিরভাগই জেলার বাইরের। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা সতর্ক আছেন।


সভায় চুয়াডাঙ্গা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু অভিযোগ করেন, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ৯০ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একইসঙ্গে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়া ও মেয়েদের বয়স ১৮ না হওয়া সত্ত্বেও যৌতুক মামলার বিষয়ে পুলিশি তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন।


ট্রাফিক ব্যবস্থাপনা ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় সভায়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ জানান, শহরের অলিগলিতে উঠতি বয়সী কিশোরদের দলবদ্ধ ঘোরাফেরা বাড়ছে, যারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তিনি শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং রেলস্টেশনের সামনে নতুন একটি ট্রাফিক পয়েন্ট স্থাপনের প্রস্তাব দেন।


চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেন, বৃষ্টির পর শহরের সড়কগুলোর বেহাল দশা, মেরামতের উদ্যোগ প্রয়োজন। ভালাইপুর হাটের দিন যানজট এড়াতে ট্রাফিক নিয়োগের পরামর্শ দেন তিনি। চাঁদাবাজির ঘটনা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে ভয় বা সংকোচে অভিযোগ করতে পারছেন না। এসব চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক ও আইনি প্রতিরোধ গড়ে তোলার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, হাতে গোনা কয়েকজন কাজী অর্থের বিনিময়ে রাতে বাল্যবিয়ে পড়ান। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইটভাটা নিয়েও তিনি বলেন, অধিকাংশ ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাচ্ছে না। বিষয়টি সহজীকরণ করার দাবি জানান তিনি।


মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তে ক্যানসারের ওষুধসহ বিভিন্ন ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চলছে। যেসব বাংলাদেশি অবৈধভাবে ভারতে বসবাস করছেন, বিএসএফ তাদের ধরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করছে। যাচাই-বাছাই শেষে তাদের থানায় সোপর্দ করা হচ্ছে।


চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, চলতি মাসে দর্শনার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক ইব্রাহীম বাবু নিহত হয়েছেন। বিজিবি এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ প্রবেশ ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।


চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মওলা বলেন, শহরের ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হবে। উঠতি বয়সী কিশোরদের অপরাধে জড়ানো রোধে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। নির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। হাটবোয়ালিয়া ও ভালাইপুরে যানজট কমাতে ট্রাফিক মোতায়েন করা হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, মব ভায়োলেন্স প্রতিরোধে রাজনৈতিক নেতৃবৃন্দকে দায়িত্ব নিতে হবে এবং পুলিশকে সহযোগিতা করতে হবে। হাসান চত্বরে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্ভরযোগ্য অভিযোগের প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন তিনি।


চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাইফ, দর্শনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জামসেদুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সুজাত কাজী, গাংনী র‌্যাব-১২ ডিএডি আবু জাফর, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফারুক হোসেন, কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, ডিজিএফআই প্রতিনিধি বিল্লাল হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, জেলা মহিলাবিষয়ক উপ-পরিচালক মাকসুরা জান্নাত, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন, বিএনপি নেতা খন্দকার আব্দুল জাব্বার সোনা, বিএনপি নেতা এম জেনারেল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় প্রমুখ। সভায় আইনশৃঙ্খলা ছাড়াও বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।



কমেন্ট বক্স
notebook

দর্শনা ডিএস মাদ্রাসায় ১১ বছরে প্রায় ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ