মেহেরপুরের বাজারে আবারও কাঁচা মরিচের দাম হু-হু করে বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২৫ টাকায়। খুচরা বিক্রেতারা জানাচ্ছেন, সরবরাহ কম থাকায় কৃষকদের কাছ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারেও দামের প্রভাব পড়ছে। চাষিরা জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টিতে মরিচ গাছের পাতা কুঁকড়ে গেছে, ফুল ঝরে পড়ায় ফলন কমে গেছে। ফলে দাম বেশি পেলেও মোট মুনাফা কম।
গাংনী উপজেলার আড়তে আজ সকালে দেখা গেছে, পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২২৫ টাকা কেজি, খুচরা বাজারে তা ২৫০ টাকায় পৌঁছেছে। ব্যবসায়ী শাহাবুল ইসলাম জানান, বরিশাল মোকামে মরিচ পাঠাতে পরিবহন খরচ ও নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় দাম আরও বাড়ছে। গাংনী আড়তের হাফিজুর রহমান বলেন, মরিচের সরবরাহ একেবারে কমে গেছে। ক্ষেত শুকিয়ে যাওয়ায় বাজারে মরিচ মিলছে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবীআহ সামসুল আলম জানান, অতিরিক্ত খরা ও ব্যাকটেরিয়া আক্রমণে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে। এ সমস্যা দূর করতে সেচ ব্যবস্থা ও ব্যাকটেরিয়ানাশক প্রয়োগের পরামর্শ দেন তিনি।
প্রতিবেদক মেহেরপুর