ভারতে অবৈধভাবে অবস্থানকারী পাঁচ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার বিকেলে মহেশপুর সীমান্তবর্তী বাঘাডাঙ্গা এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
গতকাল রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তেতে জানা গেছে, গতকাল দুপুর ১২টা ৫০ মিনিটে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন জোড়পাড়া ক্যাম্প থেকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ বাঘাডংগা বিওপি কমান্ডারকে জানানো হয় যে, ভারতে অবৈধভাবে বসবাসরত পাঁচ বাংলাদেশি নাগরিক (একজন পুরুষ, একজন নারী ও তিন শিশু) দেশে ফেরার সময় বিএসএফের হাতে আটক হয়েছে। এ সময় বিএসএফ তাদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবিকে জানিয়ে হস্তান্তরের অনুরোধ জানায়।
পরবর্তীতে তথ্য যাচাই করে বিজিবি তাদের পরিচয় নিশ্চিত করে। পরে বিকেল ৪টায় সীমান্ত পিলার ৬০/২৯-আর সংলগ্ন শূন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ওই পাঁচজনকে বিএসএফের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, হস্তান্তরকৃত ব্যক্তিদের সাধারণ ডায়েরির মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সমীকরণ প্রতিবেদন