রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সরকারি হাসপাতালের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

দরখাস্ত গ্রহণ, জরুরি চিকিৎসা কেন্দ্র স্থাপনের আশ্বাস
  • আপলোড তারিখঃ ১১-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গায় সরকারি হাসপাতালের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

আলমডাঙ্গা পৌর শহরে সরকারি হাসপাতাল স্থাপনের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও লিখিত আবেদনপত্র জমা দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় রাজধানীতে স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পৌরবাসীর পক্ষ থেকে এবি পার্টির নেতারা আবেদনপত্র জমা দেন এবং আলমডাঙ্গা পৌর এলাকায় সরকারি ব্যবস্থাপনায় একটি হাসপাতাল স্থাপনের দাবি তুলে ধরেন।

আলোচনায় স্বাস্থ্য উপদেষ্টা জানান, বর্তমানে নতুন করে জেনারেল হাসপাতাল স্থাপন সম্ভব না হলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে আধুনিকায়নের মাধ্যমে ‘জরুরি চিকিৎসা কেন্দ্র’ চালু করার উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে ধাপে ধাপে একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপনের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।


এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আলমডাঙ্গা পৌরবাসীর প্রাণের দাবিকে সামনে রেখে আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ার সঙ্গে যোগাযোগ করি। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণ করেন। পরবর্তীতে আমরা আলমডাঙ্গা উপজেলা এবি পার্টির নেতৃবৃন্দসহ তাঁর সঙ্গে সাক্ষাৎ করি। আমাদের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে, আশা করছি এই উদ্যোগ বাস্তবায়নের দিকে দ্রুতই অগ্রসর হবে।’


এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলার এবি পার্টির নেতা মুসাব ইবনে শাফায়েত বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এ দাবিতে চেষ্টা চালিয়ে আসছি। পৌরবাসীর সার্বিক সহযোগিতা ও ভালোবাসায় এই অগ্রগতি সম্ভব হয়েছে। এটি কেবল একটি সংগঠনের অর্জন নয়, বরং আলমডাঙ্গার প্রতিটি নাগরিকের অধিকার আদায়ের লড়াইয়েরই একটি ধাপ।’


তিনি আরও বলেন, ‘মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে দরখাস্ত জমা দেওয়া হয়েছে এবং দপ্তর থেকে তা গ্রহণ করা হয়েছে। আমরা আশাবাদী, অচিরেই আলমডাঙ্গা পৌরবাসীর এই বহুল প্রত্যাশিত দাবি পূরণ হবে।’ আলোচনা ও দরখাস্ত প্রদানের সময় আলমডাঙ্গা পৌরবাসীর পক্ষে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলমডাঙ্গার সন্তান আব্দুল্লাহ আল মামুন রানা, মুসাব ইবনে শাফায়েত, আরিফুল ইসলাম তুহিন, সাদী হাসান, রাকিব মাহমুদ, রাকিবুল হাসান ইমন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত