রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগের ফলাফল স্থগিত

চার সপ্তাহের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
  • আপলোড তারিখঃ ১০-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগের ফলাফল স্থগিত

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফলাফল ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এসব অনিয়ম তদন্ত করে চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উল্লেখ করে হাইকোর্টে রিট আবেদন করেন সদর উপজেলার তেঘরিয়া কলাগাছি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাকিল আহমেদ। তার পক্ষে রিট প্রক্রিয়ায় অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. সানোয়ার রহমান। পরে দুদফা শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশে আদালত উল্লেখ করেন, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের প্রতিটি স্তর যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত জরুরি। 


    এর আগে চুয়াডাঙ্গা জেলায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়ম ও স্বচ্ছতা ঘিরে ব্যাপক বিতর্কের মধ্যে জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তদন্তে গত ৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে গঠিত দুটি তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন প্রায় চূড়ান্ত পর্যায়ে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান জানিয়েছেন, স্বাস্থ্য সহকারী নিয়োগে অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এছাড়াও সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদকে বদলির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


চাকরি প্রার্থীদের অভিযোগ, গত ২০ জুন চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার আগের রাতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরীক্ষার দিন সকালে পরীক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে, কারণ শেষ মুহূর্তে সিট প্ল্যান বদলে ফেলা হয়। ফলাফল প্রকাশ হলে লিখিত পরীক্ষায় অনুপস্থিত অনেক প্রার্থীকেও উত্তীর্ণ দেখানো হয়। আবার মৌখিক পরীক্ষার দিন সকালেই পূর্বে প্রকাশিত লিখিত ফলাফলে পরিবর্তন এনে নতুন তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও এক এলাকার প্রার্থীকে আরেক এলাকায় মনোনীত করা হয়। যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অথচ এতকিছুর পরও তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চেয়েছেন সিভিল সার্জন।


এসব অনিয়মের প্রতিবাদে অনুত্তীর্ণ প্রার্থীরা লিখিত অভিযোগসহ জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন। তারা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে পরীক্ষার দাবি জানান এবং জেলা সিভিল সার্জন ও নিয়োগ বোর্ডের সদস্যসচিবকে প্রত্যাহার দাবি করেন।


এদিকে, পুরো সময়জুড়ে সিভিল সার্জন গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলেন এবং কোনো ব্যাখ্যা দিতে সম্মত হননি। ফলে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের বক্তব্য ও তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত চূড়ান্ত নিয়োগ কার্যক্রমে স্থগিতাদেশ বলবৎ থাকবে বলে জানা গেছে। এসব ঘটনা চুয়াডাঙ্গা জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। স্বচ্ছ ও ন্যায়সঙ্গত নিয়োগ ব্যবস্থার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা সমালোচনা। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত