রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার আমিরপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রেলগেটের দাবিতে দুই ঘণ্টা রেলপথ অবরোধ, যাত্রীদের ভোগান্তি
  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গার আমিরপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা সদরের আমিরপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবক নিহত হন। মোটরসাইকেলসহ ট্রেনের নিচে চাপা পড়া যুবক প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ইঞ্জিনের সঙ্গে আটকে থেকে পরে লাইনের পাশে ছিটকে পড়ে। নিহত যুবক আমিরপুর রেলপাড়ার আরমান আলীর ছেলে ও পোলো সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি আমিনুর ইসলাম জীবন (২৫)।


এদিকে, দুর্ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী রেলগেটের দাবিতে রেললাইনের ওপর লাল পতাকা টাঙিয়ে অবরোধ শুরু করে। বিকেল ৫টায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আমিরপুর এলাকায় এসে অবরোধে পড়ে। প্রায় দুই ঘণ্টা ১০ মিনিট ধরে ট্রেনটি সেখানে আটকে থাকে। পরে সদর উপজেলা প্রশাসন ও সদর থানা পুলিশের আশ্বাসে গ্রামবাসী অবরোধ প্রত্যাহার করলে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রেল চলাচল স্বাভাবিক হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খাবার খেয়ে নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আমিনুর ইসলাম জীবন। আমিরপুর রেলগেটে পৌঁছালে তিনি ঢাকামুখী মহানন্দা লোকাল ট্রেনটিকে আসতে দেখে মোটরসাইকেল নিয়ে ডাউন লাইনে দাঁড়িয়ে পড়েন। একই সময়ে খুলনামুখী রূপসা এক্সপ্রেস ট্রেনটিও গেটের কাছে পৌঁছে যায়। দুই দিক থেকে ট্রেন আসছে বিষয়টি অনুধাবন করতে না পেরে মহানন্দা ট্রেনটি চলে যাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। তখনই পেছন দিক থেকে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়।


স্থানীয় যুবক রিফাত হোসেন বলেন, ‘যেই ট্রেন তাকে ধাক্কা দিয়েছে, সেই ট্রেনটি হর্ন বাজাতে বাজাতে আসছিল। কিন্তু অন্য ট্রেনটির কারণে সে হর্ন বুঝতে পারেনি। মুহূর্তের মধ্যে মোটরসাইকেলসহ তাকে ধাক্কা দিয়ে দূরে নিয়ে চলে যায়। সেখানেই তার মৃত্যু হয়।’



ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) জগদীশ চন্দ্র বসু ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান। তারা গ্রামবাসীকে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। তবে রেল গেট স্থাপনের দাবি আদায় না হওয়া পর্যন্ত গ্রামবাসী অবরোধ প্রত্যাহারে অস্বীকৃতি জানান।


এসময় অবরোধে আটকে থাকা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। যাত্রীদের মধ্যে রাজশাহী থেকে যশোরগামী আকরাম হোসেন বলেন, ‘এক ঘণ্টা অপেক্ষা করছিলাম। এরপর শুনি আগের একটি ট্রেনে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। কিন্তু কতক্ষণ অপেক্ষা করতে হবে, তা কেউ বলতে পারে না। যশোরে পৌঁছানো জরুরি, ট্রেন আটকে থাকলে বিকল্প পথ ধরতে হবে।’ অপর যাত্রী আবুল কাশেম বলেন, ‘দুঃখজনক ঘটনা ঘটেছে ঠিকই, তবে এরকম অবরোধে আমাদেরও ভোগান্তি হচ্ছে। কর্তৃপক্ষের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।’


গ্রামবাসী দাবি জানান, লিখিত প্রতিশ্রুতি ছাড়া তারা অবরোধ প্রত্যাহার করবেন না। এমনকি ট্রেনের যাত্রীদের নামিয়ে দিয়ে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেন তারা। সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ আজিজ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ। ইউএনও গ্রামবাসীকে আশ্বস্ত করেন, সরকারি অনুমোদনের মাধ্যমে দ্রুত রেল গেট স্থাপন করা হবে। প্রয়োজন হলে স্থানীয় প্রশাসন নিজ উদ্যোগে সেখানে রেল গেট স্থাপন করবে। আশ্বাস পেয়ে গ্রামবাসী অবরোধ তুলে নেন।


চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ‘নিহত যুবক মহানন্দা ট্রেন যাওয়ার অপেক্ষায় ডাউন লাইনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তিনি বুঝতে পারেননি যে আপ লাইনে রূপসা এক্সপ্রেস ট্রেন আসছে। সেটিই ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘ঘটনার পর গ্রামের কয়েকশ মানুষ জড়ো হন এবং রেল গেট ও গেটম্যানের দাবিতে ট্রেন অবরোধ শুরু করেন। তাৎক্ষণিক আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। পরে ইউএনও স্যার এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসী।’


সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ আজিজ বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে সরকারি অনুমোদনের মাধ্যমে সেখানে একটি রেল গেট স্থাপন করব। অনুমোদন পেতে বিলম্ব হলে প্রশাসনের পক্ষ থেকেই ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে এসে দেখেছি গ্রামবাসীর দাবি যৌক্তিক। আমি জেলা প্রশাসক স্যারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি, তিনি ব্যবস্থা নিতে বলেছেন।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত