রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর-দত্তনগর সড়কে ময়লার স্তূপ অপসারণ করল পৌরসভা

সংবাদ প্রকাশের পর সাড়া, তবুও দুর্ভোগ কাটেনি
  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২৫ ইং
জীবননগর-দত্তনগর সড়কে ময়লার স্তূপ অপসারণ করল পৌরসভা

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে জীবননগর-দত্তনগর সড়কের পাশে জমে থাকা ময়লার স্তূপ অপসারণে নড়েচড়ে বসেছে জীবননগর পৌরসভা। গতকাল বুধবার সকাল থেকে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ভেকু দিয়ে ময়লা অপসারণের কাজ শুরু করে। এতে সাময়িকভাবে দুর্গন্ধ কিছুটা কমলেও দুর্ভোগ পুরোপুরি কাটেনি বলে অভিযোগ এলাকাবাসীর।


জানা গেছে, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনার নির্দেশে পৌরসভা এই উদ্যোগ নেয়। ময়লার স্তূপ নিয়ে ১লা জুলাই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা পৌর প্রশাসনের নজরে আসে। এরপর তাৎক্ষণিক সিদ্ধান্তে বুধবার বেলা ১১টা থেকে ভেকু দিয়ে সড়কের ওপর থেকে ময়লা সরিয়ে রাস্তার পাশেই রাখা হয়। দুর্গন্ধ কমাতে ময়লার ওপর ছিটানো হয় ব্লিচিং পাউডারও।


স্থানীয় বাসিন্দা আ. হাকিম বলেন, ‘রাস্তার ওপর থেকে আবর্জনাগুলো সরিয়ে ফেলায় আমরা পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞ। আশা করি পরিচ্ছন্নতার এই ধারা অব্যাহত থাকবে।’ পথচারী ইমরান কায়সার জানান, ‘দীর্ঘদিন যাবৎ এ রাস্তায় ময়লার স্তূপ থাকার কারণে চলাচলে অনেক অসুবিধা হচ্ছিল। এখন সাময়িকভাবে ময়লা সরিয়ে পাশে রাখা হলেও এর স্থায়ী সমাধান না হলে দুর্ভোগ থেকেই যাবে।’ পৌরসভার পরিচ্ছন্ন কর্মকর্তা ডালিম হোসেন বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা পরিষ্কার করছি। দুর্গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়েছে।’



এ বিষয়ে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, ‘দত্তনগর সড়কে ময়লার দুর্গন্ধ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়। এরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয়দের জানিয়ে দেওয়া হয়েছে যাতে এ স্থানে আর কেউ ময়লা না ফেলে।’


উল্লেখ্য, জীবননগর পৌরসভার নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন না থাকায় দীর্ঘদিন ধরে দত্তনগর সড়কের পাশেই ফেলা হচ্ছিল শহরের প্রতিদিনের ময়লা-আবর্জনা। ফলে এলাকাটি একপ্রকার স্থায়ী ভাগাড়ে পরিণত হয়। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন শিক্ষার্থী, পথচারীসহ আশপাশের বাসিন্দারা। অস্বাস্থ্যকর পরিবেশে এলাকাটি হয়ে ওঠে জনদুর্ভোগের কেন্দ্রস্থল। এরপরই গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে পৌর প্রশাসন দ্রুত উদ্যোগ নেয়। তবে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত দুর্ভোগ শেষ হচ্ছে না বলেই মনে করছেন এলাকাবাসী।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত