রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-মেহেরপুর-ঝিনাইদহে পালিত হলো মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস

মাদক প্রতিরোধে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান
  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গা-মেহেরপুর-ঝিনাইদহে পালিত হলো মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল পৃথকভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা:

‘দ্যা এভিডেন্স ইজ ক্লিয়ার, ইনভেস্ট ইন প্রিভেনশন, ব্রেক দ্যা সাইকেল, স্টপ অর্গানাইজড ক্রাইম’- এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা প্রশাসন থেকে চেষ্টা করি মাদক নির্মূলে, কিন্তু অপরাধীরা নতুন কৌশল বের করে। অনেক সময় তারা আশ্রয় নেয় বাড়ি-ঘরে, অথচ সেখানকার লোকজন সহযোগিতা করে না। ফলে তাদের ধরা কঠিন হয়ে যায়।’ জেলা প্রশাসক আরও বলেন, ‘অনেক সময় পরিবার নিজ খরচে মাদকাসক্ত সন্তানকে রিহ্যাবে পাঠায়। এমনও দেখা যায়, মাদক না পেয়ে সন্তান পিতা-মাতাকে হত্যা করছে। মাদক শুধু একজন নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়।’ তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ছোট অভিযানের পাশাপাশি বড় অভিযান পরিচালনার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, সহকারী পুলিশ সুপার তাজরিন আক্তার, প্রেসক্লাব সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক শাহ আলম সনি, আহসান আলম, বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার রফিকুল ইসলাম, শিক্ষার্থী সাকিব বিশ্বাস ও নুসরাত তামান্না। আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা উপ-পরিচালক দীপক কুমার পাল, টিটিসি অধ্যক্ষ মুসাব্বেরুজ্জামান, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডলসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা। সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন। সভা শেষে দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।


মেহেরপুর:

মেহেরপুরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে‌। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। আলোচনা সভায় স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারি শাখা, ত্রাণ ও পুনর্বাসন শাখা) সাজেদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, উপ-পরিদর্শক মদন মোহন সাহা, মো. মতিয়ার রহমান, সহকারী উপ-পরিদর্শক ইসমাইল হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


ঝিনাইদহ:

ঝিনাইদহে গতকাল বৃহস্পতিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মনজুর মোর্শেদ ও সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বক্তব্য দেন। 

অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তবে র‌্যালিতে অংশগ্রহণকারী অনেকের অভিমত, ঝিনাইদহ জেলায় মাদকের যে বিস্তার ঘটেছে তা রোধ করা না গেলে এসব র‌্যালি ও দিবস পালন করে লাভ হবে না।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত