আলমডাঙ্গায় অনৈতিক কাজের অভিযোগে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা : আটক ৪
- আপলোড তারিখঃ
২০-১০-২০১৭
ইং
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় অনৈতিক কাজের অভিযোগে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মারপিটের শিকার গোয়ালবাড়ি গ্রামের গৃহবধূ বিউটি খাতুন বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। আটককৃতরা হলো- বিউটির শ্বশুর গোয়ালবাড়ি গ্রামের মৃত রিকাত আলীর ছেলে সাদেক আলী (৬০), একই গ্রামের সাত্তার আলীর ছেলে ডালিম (৩৫), জামিরুল ইসলামের ছেলে কালাম (২৪) ও জালাল উদ্দীনের ছেলে মনোয়ার হোসেন (২১)।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বারাদি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের দেলোয়ার হোসেন দেলুর ছেলে হাসান (৪২) গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামের ছেন্টুর স্ত্রী বিউটির ঘরে ঢোকে। এসময় বিউটির স্বামী ছেন্টু ৩ দিনের জামাতে পাশের গ্রামে অবস্থান করছিলো। ছেন্টুর অর্বতমানে ছেন্টুর বউয়ের ঘরে পর পুরুষের উপস্থিতি টের পেয়ে বিউটির শ্বশুর সাদেক আলী গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে হাসান ও বিউটিকে আটক করে। অনৈতিক কাজের অভিযোগ তুলে হাসান ও বিউটিকে নিমগাছে বেঁধে মারপিট করে। গাছে বেধে মারপিটের ছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে স্থানীয় মাতবররা হাসান ও বিউটিকে মুক্ত করে পরের দিন সালিশ বৈঠকে মিমাংসার কথা বলে ঐ রাতের জন্য হাসানের চাচা হাসিবুল হক রোকনের জিম্মায় রাখে। এ ঘটনার সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রাথমিক তদন্ত শেষে অনৈতিক কাজের অভিযোগে গাছে বেধেঁ মারপিটের ঘটনায় জড়িত ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। তবে, অনৈতিক কাজে অভিযুক্ত হাসান গা ঢাকা দেয়ায় পুলিশ তাকে আটক করতে পারেনি।
কমেন্ট বক্স