জীবননগরে গরু ব্যবসার আড়ালে প্রায় ৬৫ লাখ টাকা ও গরু হাতিয়ে নিয়ে উধাও হয়েছেন রহমতুল্লাহ নামে এক প্রতারক। উপজেলার বাঁকা ইউনিয়নের পেয়ারাতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রতারণার শিকার হয়ে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার অন্তত ৫৭টি পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, রহমতুল্লাহ ১৫ বছর আগে মিনাজপুর গ্রাম থেকে এসে পেয়ারাতলায় বসতি গড়েন। দীর্ঘদিন ধরে তিনি গরু ব্যবসা করে এলাকায় বেশ সুনাম অর্জন করেন। সেই সুযোগেই এলাকার লোকজনের কাছ থেকে নগদ অর্থ ও গরু সংগ্রহ করেন। এরপর হঠাৎ করেই তিনি গা-ঢাকা দেন।
ভুক্তভোগী মাহমুদ বলেন, ‘আমার কাছ থেকে এক লাখ টাকা হাওলাদ নিয়েছিল। কিন্তু টাকা আর ফেরত দেয়নি।’ একই অভিযোগ মিনাজপুর গ্রামের আলী হোসেনেরও। তিনি বলেন, ‘আমার ২ লাখ টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছে রহমতুল্লাহ। বারবার বলার পরও কোনো হদিস পাওয়া যাচ্ছে না।’ শুধু মাহমুদ কিংবা আলী হোসেনই নন, পেয়ারাতলার আরও বহু মানুষ এমন প্রতারণার শিকার হয়েছেন।
সরেজমিনে রহমতুল্লাহর বাড়িতে গিয়ে দেখা গেছে, দুই কাঁঠা জমির ওপর একটি জরাজীর্ণ ঘর ছাড়া আর কিছুই নেই। প্রতিবেশীরাও তার কোনো খোঁজ দিতে পারেননি। তার বিষয়ে বাঁকা ইউপি সদস্য মো. রিপন হোসেন বলেন, ‘রহমতুল্লাহর বিরুদ্ধে স্থানীয়দের কাছ থেকে টাকা ও গরু নিয়ে উধাও হওয়ার অভিযোগ রয়েছে। এমনকি তার পরিবারের লোকজনও রাতের আঁধারে গ্রাম ছেড়ে চলে গেছে।’
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জীবননগর অফিস