রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
দামুড়হুদার জগন্নাথপুর সীমান্তে বিজিবি-বিএসএফের মানবিক উদ্যোগ

শূন্যরেখায় মৃত মায়ের মুখ দেখলেন দুই মেয়ে

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৫ ইং
শূন্যরেখায় মৃত মায়ের মুখ দেখলেন দুই মেয়ে

সীমান্ত কখনো কেবল বিভাজনরেখা নয়- তা হতে পারে মমতা, সম্পর্ক আর সহমর্মিতার সেতুবন্ধন। এমনই এক হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী থাকলো চুয়াডাঙ্গা সীমান্ত। যেখানে ভারতীয় ভূখণ্ডে মৃত্যুবরণ করা এক বৃদ্ধাকে তাঁর বাংলাদেশে বসবাসরত মেয়েকে শেষবার দেখার সুযোগ করে দিলো বিজিবি ও বিএসএফ। গতকাল মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্তে মেইন পিলার ৯৬/৮-এস-এর পাশে শূন্যরেখায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় এ মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।


খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের নদিয়া জেলার গোংরা গ্রামের বাসিন্দা লোজিনা বেগম (৮০) বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগে গত সোমবার রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন, যাদের মধ্যে দুই মেয়ে বহু আগেই বিবাহসূত্রে বাংলাদেশে চলে এসে দামুড়হুদা উপজেলার জয়পুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে তাঁরা সীমান্তরক্ষী বাহিনীর কাছে শেষবার মরদেহ দেখার অনুমতির আবেদন জানান। বিষয়টি জানাজানি হওয়ার পর বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে এ সুযোগ নিশ্চিত করে।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে নিরাপত্তার পাশাপাশি মানুষের আবেগ-অনুভূতির জায়গায় দাঁড়িয়েও তারা দায়িত্ব পালন করে। এই ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগণের মধ্যে আস্থার বন্ধন দৃঢ় করে এবং দুই বাহিনীর সম্পর্ক উন্নয়নের পথ আরও সুগম করে। বিজিবি-বিএসএফ এর এই সমন্বিত মানবিক প্রয়াস সীমান্তে বসবাসরত সাধারণ মানুষের মনে এক নতুন আশা ও বিশ্বাসের জন্ম দিয়েছে- যে সীমান্ত শুধু সীমাবদ্ধতা নয়, দরকারে হতে পারে সহানুভূতির হাতছানি।


চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর সরবরাহকৃত ভিডিও ও ছবি বলছে, এক করুণ বাস্তবতা ও মানবিক চেষ্টার এক অনবদ্য সম্মিলন কীভাবে শূন্যরেখায় দুই দেশের পরিবারকে কয়েক মুহূর্তের জন্য হলেও এক করতে পারে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে এমন উদ্যোগ আন্তঃসীমান্ত সম্পর্ককে আরও মানবিক ও ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত