মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার পাশা গ্রেপ্তার হয়েছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ব্যক্তি পোস্ট দেয়। আনোয়ার হোসেন পাশা মিনাপাড়া গ্রামের খাইবার হোসেনের ছেলে। তিনি গাংনী উপজেলা যুবলীগের সহসভাপতি ছিলেন।
ফেসবুকে কেউ লিখেছেন পটুয়াখালী থেকে গ্রেপ্তার, আবার কেউ লিখেছেন ঢাকা থেকে গ্রেপ্তার। তবে কোনটি সঠিক তা নিশ্চিত করেনি পুলিশ। এদিকে আনোয়ার পাশাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন তার পরিবারের একাধিক সূত্র। আনোয়ার হোসেন পাশার ছেলে শোভন তার ভেরিফাইড ফেসবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়টি নিশ্চিত করেনি। অপর দিকে তার বাড়ি মিনাপাড়ার লোকজন জানিয়েছেন পাশাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হতে যোগাযোগ করলে গাংনী থানা ওসি বানি ইসরাইল বলেন, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হলে তিনি সাংবাদিকদের অবহিত করবেন। এদিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জানান, ডিবির কোনো দল তাকে গ্রেপ্তার করেনি। অন্যকোনো থানায় তার বিরুদ্ধে মামলা থাকলে তারা গ্রেপ্তার করতে পারে।
জানা গেছে, আনোয়ার হোসেন পাশা মেহেরপুর-২ আসনের সাবেক এমপি মকবুল হোসেন ও জেলা পরিষদের সদস্য প্রয়াত আইয়ুব আলীর ভাতিজা। গেল ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে চেয়ারম্যান হয়।
পতিত সরকারের পতনের পর আত্মগোপনে যান পাশা। আত্মগোপনে থাকার মধ্যে রমজান মাসে চাঁদপুর গ্রামে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যোগ দেয়। ইফতার অনুষ্ঠানের আড়ালে আওয়ামী লীগকে সংগঠিত করতে নানা স্লোগান দেওয়া হয়। এ নিয়ে পুলিশের মধ্যে তোড়জোড় শুরু হয়। তখন থেকেই মূলত তাকে গ্রেপ্তারে মাঠে নামে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতের নির্দেশে গাংনী থানায় একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলার ২ নং আসামি আনোয়ার পাশা।
সমীকরণ প্রতিবেদন