ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
- আপলোড তারিখঃ
১২-১০-২০১৭
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকার পাঁচ মাইল নামক স্থানে বুধবার রাতে পিকআপ ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের আলম নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত জুবায়ের আলম শাহজালাল ইসলামী ব্যাংকের হাটগোপালপুর শাখার সহকারী নির্বাহী কর্মকর্তা। তিনি সাতক্ষীরার আব্দুল মান্নানের ছেলে। এ সময় শাখা ব্যবস্থাপক সদর উপজেলার চুটলিয়া গ্রামের আব্দুল মালেক, হাটগোপালপুরের হাসান, হরিশংকরপুর গ্রামের মুকুল ও ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ার কামরুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ দমকল বাহিনীর স্টেশন ম্যানেজার দিলিপ কুমার সরকার জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ মাগুরা সড়কের পাঁচ মাইল স্থানে একটি থ্রিহুইলারের সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ৫ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে শাহজালাল ইসলামী ব্যাংকের হাটগোপালপুর শাখার সহকারী জেনারেল ম্যানেজার জুবায়ের আলমকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাকী ৪ জনকে বর্তি করা হয়েছে। ঝিনাইদ সদর থানার ওসি এমদাদুল হক শেখ খবরের সত্যতা স্বীকার করেছেন।
কমেন্ট বক্স