ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রিপা খাতুন (২৬) ও তার শিশু পুত্র সোয়াদ (৭) নিহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপা শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের গাবলা গ্রামের সোহেলের স্ত্রী।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ভাটই গ্রামের মামাবাড়ি থেকে ইজিবাইকযোগে নিজ বাড়ি শিতালীপাড়া যাচ্ছিলো রিপা ও তার ছেলে। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় রিপা ও তার ছেলে সোয়াদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ইয়াসমিন রিপাকে মৃত ঘোষণা করেন। আহত সোয়াদকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে সেও মারা যায়।
মা ও শিশু সন্তান এক সাথে নিহতের খবরে শিতলীপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্ত্রী ও একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে সোহেল রানা। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস মা ও তার সন্তান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি পালিয়ে গেছে। নিহতদের লাশ সদর হাসপাতালে রাখা আছে।
সমীকরণ প্রতিবেদন