জীবননগরে একই রাতে একই মহল্লায় অভিনব কায়দায় ৪ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত একটার দিকে জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল জলিল বলেন, ‘আমার নগদ ১ লাখ ৩৪ হাজার ৪৮০ টাকা এবং দেড় ভরি স্বর্ণের গহনা ও ৭ ভরি রুপা ছিল। চোরেরা সব নিয়ে গেছে। একই রাতে মহল্লায় আরও তিন বাড়িতে চুরি হয়েছে। এটা নজিরবিহীন।’
তথ্যনুসন্ধানে জানা গেছে, এই চোর চক্রের সদস্যরা যে সমস্ত বাড়িতে চুরি করেছে, সে সমস্ত বাড়ির মালিকেরা চেতন থাকলেও কারো চিনতে পারেননি। বাড়ির মালিকেরা বলছেন, বাড়িতে কিছু একটা স্প্রে করেছে, যার ফলে তারা দেখলেও কাউকে ডাকতে পারেননি, আবার ডাকলেও যেন কেউ শুনতে পারছে না। যার ফলে চোখের সামনে থেকে জিনিসপত্র নিলেও তারা কিছুই বলতে পারেননি।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। যাদের বাড়ি থেকে চুরি হয়েছে তারা কাউকে চিনতে পারেনি। তবে এ ঘটনায় থানায় একটা অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ বিষয় কাজ করছে।
সমীকরণ প্রতিবেদন