দর্শনার মদনা গ্রামে গরুকে ভুট্টা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মদনা গ্রামের দক্ষিণপাড়ার মৃত নজির আহম্মদের ছেলে মুকুল হোসেনের একটি গরু পাশের বাড়ির মৃত নুর ইসলামের ছেলে রেজাউল ইসলামের ভুট্টা খেতে ঢুকে পড়ে।
এসময় রেজাউল ইসলাম গরুটিকে লাঠি দিয়ে মারধর করেন। এতে এক লাখ টাকা মূল্যের গরুটি পা ঠিকমতো রাখতে পারছে না বলে দাবি মুকুলের। এ ঘটনায় মুকুল ও তার ছেলে রাসেল রেজাউলকে মারধর করেন। পরে সকাল ১০টার দিকে রেজাউলের ভাই মারুফ, ছেলে রিয়াজ ও সোহাগ মুকুলের বাড়িতে হামলা চালায়। পরদিন সন্ধ্যায় আবারও সংঘর্ষ হয়।
মারামারিতে মুকুল হোসেন (৫০), তার স্ত্রী মর্জিনা (৪০), ছেলে রাসেল (২৭) ও পুত্রবধূ তানমনি (১৯) আহত হন। অপরদিকে রেজাউল ইসলাম (৫০), তার ভাই মারুফ (৩৪), স্ত্রী নাজমা (৩৫), ছেলে রিয়াজ (৩১), মুনছুর আলীর স্ত্রী আনজুরা খাতুন (৫০) ও ছেলে সোহাগ (২৪) লাঠির আঘাতে আহত হন।
খবর পেয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তীতুমির ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, এ বিষয়ে গতকাল শনিবার সন্ধ্যায় গ্রামে এক সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়।
সমীকরণ প্রতিবেদন