সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ব্রিজ মোড়ে লেগুনা গাড়ি থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়েছেন অভিযুক্ত মুনছুর আলী। স্থানীয়রা জানান, ভূমিহীনপাড়ার আবুল কাশেমের ছেলে মুনছুর আলী দীর্ঘদিন ধরে নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে প্রতিদিন লেগুনা গাড়ি থেকে টাকা তুলতেন। তার দাপট ও বিতর্কিত কার্যক্রমে অতিষ্ঠ হয়ে পড়ে চালক ও সাধারণ মানুষ।
গত ১৯ মার্চ মুনছুরের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু দলীয় প্যাডে বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, মুনছুরের সঙ্গে বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো সম্পর্ক নেই।
বিবৃতির পর কিছুদিন মুনছুর নিষ্ক্রিয় থাকলেও গতকাল শনিবার সকালে তিনি আবারও চাঁদা তুলতে শুরু করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তার জবাবদিহি চাইলে মুনছুর পালিয়ে যান।
সমীকরণ প্রতিবেদন