দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে ভৈরব নদীতে ডুবে লামিয়া (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নদী থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, লামিয়া ভৈরব নদীর ধারে তার ভাই জিহাদ হোসেনের সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর ভাই বাড়ি ফিরে গেলেও লামিয়া একাই খেলতে থাকে। খেলতে খেলতে কোনো এক সময় সে অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে যায়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে কার্পাসডাঙ্গা বাজারে স্থানীয় চিকিৎসক ও পরে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লামিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আসরের নামাজের পর জানাজা শেষে লামিয়ার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়।’
সমীকরণ প্রতিবেদন