ঝিনাইদহের শৈলকূপায় অজ্ঞান পার্টির কবলে পড়েছে দুটি পরিবার। দরজা ভেঙে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে পাঁচজনকে অজ্ঞান করে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে উপজেলার দুধসর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত দুইটার দিকে দুর্বৃত্তরা গ্রামের ব্যবসায়ী বিজু চাকী ও সুমন চাকীর বাড়িতে প্রবেশ করে। তারা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। গতকাল ভোরে আশপাশের লোকজন টের পেয়ে দুই পরিবারের সদস্যদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘উপজেলার দুধসর গ্রামে গভীর রাতে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা শুনেছি। সেখানে সকালে পুলিশ পাঠানো হয়েছিলো। অজ্ঞান পার্টির সদস্যদের আটক করতে পুলিশ কাজ করছে।’
সমীকরণ প্রতিবেদন