শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • আপলোড তারিখঃ ১৮-০৩-২০২৫ ইং
দামুড়হুদায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

দামুড়হুদা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র। গতকাল সোমবার বেলা দুইটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলকক্ষে এ মতবিনিময় করেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্রের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাবিবুর রহমান হবি, আরিফুল ইসলাম মিলন, প্রেসক্লাবের সদস্য শেখ হাতেম, আনারুল ইসলাম, জাহাঙ্গীর আলম মানিক, বিল্লাল হোসেন, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল, সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল হক, সাবেক সভাপতি মনিরুজ্জান ধীরু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, সহ-সম্পাদক মনিরুজ্জান সুমন, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী প্রমুখ।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন। দামুড়হুদা উপজেলার সম্ভাবনা এবং সমস্যা তুলে ধরে বক্তারা বলেন, দামুড়হুদা উপজেলা একটি বর্ডার বেল্ট সাইড। পূর্বের মতো এখনো এসব সাইড দিয়ে প্রচুর পরিমাণে মাদকদ্রব্য আসে, এর মধ্যে ফেনসিডিল, গাঁজা, হেরোইন এবং ব্রুপ্রেনরফাইন ইনজেকশন অন্যতম। ভারত থেকে যখন গরু আসে বা গরু পার হয়ে বাংলাদেশে আসে তখন ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশিদের গুলি করে হত্যা করে। কিন্তু যখন মাদকদ্রব্য আসে তখন বিএসএফ কিছুই বলে না, বরং আরও সাহায্য-সহযোগিতা করে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে এখন পর্যন্ত বর্তমানে উপজেলার শিক্ষাব্যবস্থা অত্যন্ত নাজুক হয়ে গিয়েছে। কোনো স্কুলে কমিটি না থাকার কারণে কেউ কারো কোনো কথা শোনে না, মাধ্যমিক এবং প্রাথমিকের ঠিকমতো ক্লাস হয় না।

তারা আরও বলেন, দামুড়হুদা সদরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাসে তিন দিনও ঠিকমতো ক্লাস হয় না, বাজার ঘাট ও স্কুলের বর্তমানে কোনো কমিট নেই, যার ফলে কেউ কোনো দায়িত্ব পালন করছে না। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন নিয়ে খুবই হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। প্রচুর পরিমাণে জন্ম নিবন্ধন পেন্ডিং রয়েছে। কারো কারো গত দুই বছরের জন্ম নিবন্ধন পর্যন্ত এখনো ঝুলে আছে, টাকা নিয়েছে কিন্তু কাজ হয়নি। সরকারি নির্ধারিত ফির তিন গুণ চার গুণ দিয়েও কাজ হচ্ছে না। সঠিক সময়ে জন্ম নিবন্ধন না পাওয়ার কারণে এই ইউনিয়নের প্রায় অর্ধশত প্রাইমারি শিক্ষার্থী ভর্তি হতে পারেনি। শুধু তাই নয় জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদে হঠকারিতা গ্যাঞ্জাম ফ্যাসাদ লেগেই আছে।

তারা বলেন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাইরে থেকে চকচকে দেখা গেলেও তার ভেতরের বর্তমান চিত্র খুবই শোচনীয়, স্বাস্থ্য কমপ্লেক্সে জাত সুইপার না থাকার কারণে বাথরুমগুলোর বেহাল দশায় পরিণত হয়েছে, সেখানে রোগী এবং জনসাধারণ অস্বাস্থ্যকর পরিবেশে টয়লেট ব্যবহার করছে। অথচ সুইপারের নামে সরকারি টাকা ঠিকই পাচ্ছে। সন্ধ্যার পরে স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ওঠে মাদকের অভয়ারণ্য। ফলে যারা সেখানে থাকে তারা রাতে বাইরে বের হতে ভয় পায়। দামুড়হুদা বাসস্ট্যান্ডে সবসময় যানজট লেগেই থাকে, তা নিরসনে কার্যকরি পদক্ষেপ নেয়া প্রয়োজন। শুধু দামুড়হুদা বাসস্ট্যান্ড নয়, ডুগডুগি পশুহাট, কার্পাসডাঙ্গা সাপ্তাহিক হাটের দিন চরম যানজটে পরিণত থাকে, যা স্থায়ীভাবে সমাধান হওয়া প্রয়োজন। দামুড়হুদা উপজেলা একটি কৃষি নির্ভর অঞ্চল। এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। কিন্তু তা বিক্রির জন্য এই অঞ্চলে কোনো স্থায়ী ধানের হাট নেই। ধান বেচা-কেনার জন্য সুদূর জীবননগর উপজেলায় নিয়ে যেতে হয়। যা কৃষকের জন্য খুবই কষ্টকর। তাই দামুড়হুদায় একটি ধানের হাট খুবই প্রয়োজন।

এছাড়াও এই উপজেলায় কিশোর গ্যাং একটা বড় সমস্যা। শুধু তাই নয় দর্শনায়ই এক মাসের ব্যবধানে চার-পাঁচটি স্থান থেকে বোমা উদ্ধার করা হয়েছে। যাতে করে দর্শনাবাসী খুবই ভয়ে এবং উদ্বিগ্ন হয়ে আছে।

এছাড়াও এখনো সাংবাদিকদের মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যাভাবে করা হয়। ইতিমধ্যে সাংবাদিকের নামে মাদকের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টাকারী ওই পুলিশ অফিসারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র বলেন, যে সকল সমস্যার কথা শুনলাম তা নিরসনে সকলের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। এককভাবে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, তবে সমস্যা নিরসনে আমার শতভাগ চেষ্টা থাকবে। সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সকলের সহযোগিতায় এই দামুড়হুদা উপজেলা হয়ে উঠবে একটি দারুণ উপজেলা।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ