চুয়াডাঙ্গা বড় বাজারে গোল্ডকিং জুয়েলার্স থেকে ২ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণের চেন চোর রংপুরের হাসিনাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল সোমবার বড় বাজারে সবুজ জুয়েলার্স থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। হাসিনা (৪০) রংপুর জেলার পিরহলগঞ্জ থানার লাখ মিঠাপুর গ্রামের হাকিম উদ্দীন প্রধানের মেয়ে।
গোল্ডকিং জুয়েলার্সের ম্যানেজার মিজানুর রহমান সাজু বলেন, গত বছরের ১৭ জুলাই এই প্রতারক হাসিনা ও তার এক সহযোগী গোল্ডকিং জুয়েলার্সে আসেন। তখন ওই প্রতারক চক্র কৌশলে একটি স্বর্ণের চেন নিয়ে পালিয়ে যায়। বর্তমানে ওই চেনের বাজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। গতকাল ওই নারী প্রতারক চক্রটি বড় বাজারে সবুজ জুয়েলার্সে ঢোকে। এসময় আশেপাশের জুয়েলার্স ব্যবসায়ীরা নারী চক্রটিকে চিনতে পেরে হাসিনা নামে ওই নারীকে আটক করেন। এসময় হাসিনার অপর এক সহযোগী পালিয়ে যায়।
গোল্ডকিং জুয়েলার্সে চুরির ঘটনায় হাসিনা নামে একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি বলেন, এ ঘটনায় গোল্ডকিং জুয়েলার্সের ম্যানেজার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
সমীকরণ প্রতিবেদন