শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২৫ ইং
আলমডাঙ্গায় পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

আলমডাঙ্গার রায়সা গ্রামে পুকুরে গোসল করতে নেমে আমির হামজা (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত আমির হামজা রায়সা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাফর গাইনের ছেলে। তিনি ১৩ পারা হাফেজ এবং রায়সার হাফিজিয়া নূরানি মাদরাসার ছাত্র ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আমির হামজাসহ স্থানীয় কয়েকজন একটি গর্তের পানি ছেঁকে মাছ ধরছিল। মাছ ধরা শেষে পাশের একটি বড় পুকুরে গোসল করতে নামে আমির হামজা। এসময় গভীর পানিতে গেলে সে ডুবে যায়। আমির হামজা সাঁতার জানতেন না, ফলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

আরও জানা যেছে, এ বছর নিজ গ্রামের মসজিদে নিয়মিত তারাবির নামাজ পড়াচ্ছিলে আমির হামজা। দুপুরে নামাজের সময় মাদরাসার হুজুর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এসময় প্রথমে খাসকররা বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘জরুরি বিভাগে শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সে পুকুরে ডুবে যায় এবং পরে উদ্ধার করা হয়।’ এদিকে, শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ