শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচন

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০২৫ ইং
কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচন

যারা স্বৈরাচারী সরকারকে আর্থিক ও রাজনৈতিকভাবে সমর্থন করেছে, কেরুর পণ্য চোরাচালানে জড়িত ছিল এবং প্রতিষ্ঠানে স্বৈরাচারী সরকারের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রেখেছে, তারা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে প্রার্থী হওয়ায় নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার আহ্বায়ক মো. আসলাম হোসেন ও সদস্যসচিব মো. সাফফাতুল ইসলাম স্বাক্ষারিত এক পত্রে এ দাবি করা হয়। পত্রটি চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে।

ওই পত্রে বলা হয়, বাংলাদেশের চিনি ও ডিস্টিলারি শিল্পের অন্যতম প্রধান প্রতিষ্ঠান কেরু এন্ড কোং লিমিটেডের শ্রমিক ইউনিয়ন নির্বাচন আগামী ১৪ মার্চ, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এই নির্বাচনকে ঘিরে প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বাইরে নানা অনিয়ম, স্বৈরাচারী মানসিকতা ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে গত এক মাসে কেরু এলাকায় প্রায় ১০-১২টি বোমা পাওয়া গেছে, যা নিরাপত্তাজনিত মারাত্মক সমস্যার ইঙ্গিত দেয়। এই পরিস্থিতিতে নির্বাচন বাতিল করে পুনর্বিবেচনার জন্য বিনীতভাবে আবেদন জানানো হয়।

পত্রে আরও বলা হয়, গত ১৬ বছরে প্রতিষ্ঠানটিতে স্বৈরাচারী শাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব লক্ষ্য করা গেছে। যারা স্বৈরাচারী সরকারকে আর্থিক ও রাজনৈতিকভাবে সমর্থন করেছে, কেরুর পণ্য চোরাচালানে জড়িত ছিল এবং প্রতিষ্ঠানে স্বৈরাচারী সরকারের এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রেখেছে, তারাই আজ নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। এছাড়াও যারা জুলাই অভ্যুত্থানের সময় সরাসরি ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে এবং গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল, তারাও এখনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়ে গেছে।

আরও বলা হয়, স্বৈরাচারী আওয়ামী লীগের এমপিদের ঘনিষ্ঠ সহযোগী, যারা রাতের অন্ধকারে ভোটের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করতে সাহায্য করেছে, তারাও এই নির্বাচনে প্রভাব বিস্তার করছে। এই পরিস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা ক্ষুণ্ন হয়েছে। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে গত এক মাসে উক্ত স্থানে বোমা উদ্ধারের ঘটনা নিরাপত্তাজনিত মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এই ধরনের ঘটনা শুধু প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে ব্যহত করছে না, বরং কর্মচারী, শ্রমিক ও স্থানীয় জনগণের জীবনও ঝুঁকির মধ্যে ফেলেছে। এই পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অযৌক্তিক।
ওই পত্রে আরও বলা হয়, কেরু এন্ড কোং লিমিটেডের শ্রমিক ইউনিয়ন নির্বাচন বাতিল করে পুনর্বিবেচনার ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রতিষ্ঠানের অভ্যন্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তাজনিত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি। আপনার দ্রুত হস্তক্ষেপ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আগাম ধন্যবাদ জানাচ্ছি।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ