শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোমল পানীয়র সঙ্গে বিষ খাইয়ে হত্যা

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০২৫ ইং
কোমল পানীয়র সঙ্গে বিষ খাইয়ে হত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ৫ বছর বয়সী শিশু মাহমুদা খাতুনকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মা হুমাইরা খাতুনের (২৫) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু মাহমুদা কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের শাহিন মণ্ডলের মেয়ে। অভিযুক্ত হুমাইরা খাতুন একই গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে ও শাহিন মণ্ডলের দ্বিতীয় স্ত্রী।

নিহত শিশু মাহমুদার পিতা শাহিন মণ্ডল ও তার পরিবারের সদস্যরা জানান, গত ১ মার্চ সন্ধ্যায় নিজ বাড়িতে সৎ মা হুমাইরা খাতুন কোমল পানীয়ের সঙ্গে ঘাষপোড়া বিষ মিশিয়ে শিশুটিকে খাইয়ে দেন। বিষক্রিয়ার কারণে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে যশোর জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে গত মঙ্গলবার শিশুটিকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। এরই শিশুটির অবস্থা আরও অবনতি হলে বুধবার তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল শিশুটিকে তাৎক্ষাণক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির পিতা শাহিন মণ্ডল বলেন, ‘মেয়ে নিজেই জানায় তাকে বিষ খাইয়ে দেয়া হয়েছে। কে খাইয়েছে জিজ্ঞেস করলে জানায় তার সৎ মা অর্থাৎ আমার দ্বিতীয় স্ত্রী হুমাইরা খাতুন কোমল পানীয়র সঙ্গে তাকে বিষ খাইয়ে দিয়েছে।’ শিশুটির বড় মা (শাহিনের দাদী) সকিনা বেগম জানান, ‘মাহমুদার জন্মের সময় তার মা আফরোজা খাতুন মারা যায়। এরপর থেকে আমিই তাকে লালন-পালন করে বড় করেছি। ওর বাবা শাহিন সৌদি আরবে অবস্থানকালে একই গ্রামের জিয়ারুলের মেয়ে হুমাইরাকে মোবাইলে বিয়ে করে। এক মাস পূর্বে সে দেশে ফিরে তাকে বাড়িতে আনে। সে কখনই মাহমুদাকে ভালো চোখে দেখেনি। কিন্তু বিষ খাইয়ে হত্যার চেষ্টা করবে তা আমরা কেউ ভাবতেও পারিনি। আমি হুমাইরার শাস্তি চাাই।’

গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন শিশুটিকে মৃত ঘোষণা করেন। গতকালই দুপুরের পরে সদর হাসপাতাল মর্গে শিশুটির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘অপমৃত্যুর ঘটনার শিশুটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা সংশ্লিষ্ট কোটচাঁদপুর থানা সম্পন্ন করবে।’

এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জেনেছি এবং মৌখিক অভিযোগ পেয়েছি। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির সৎ মা তাকে কোমল পানীয়র সঙ্গে বিষ খাইয়েছে। ঘটনাটি নিয়ে আমরা ছায়া তদন্ত শুরু করেছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ