স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ!
- আপলোড তারিখঃ
০৬-১০-২০১৭
ইং
সমীকরণ ডেস্ক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ভোরে সাতজনকে আটক করেছে পুলিশ। দুপুরে ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গণধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী বৃহস্পতিবার সকালে আটজনকে আসামি করে পুঠিয়া থানায় ধর্ষণ মামলা করেছেন।
গৃহবধূর স্বামী জানান, গত বুধবার বিকেলে স্ত্রীকে নিয়ে তিনি বাগমারা উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। স্ত্রীকে নিয়ে সন্ধ্যার দিকে রিকশাভ্যানে বাসায় ফিরছিলেন। পথে শিলমাড়িয়া ইউনিয়নের বটতলা-কার্তিকপাড়ার মাঝামাঝি এলাকায় এলে আনুমানিক রাত ৮টার দিকে জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া গ্রামের নবীর উদ্দিন, মিজান আলীসহ সাত থেকে আটজন ব্যক্তি তাঁদের ভ্যানের গতি রোধ করে। এরপর ধারালো অস্ত্র দেখিয়ে তাঁদের ভ্যান থেকে নামিয়ে পাশে নবীর উদ্দিন ও মিজানের পুকুরপাড়ে নিয়ে যায়। একটি গাছের সঙ্গে আমাকে বেঁধে রাখে। মধ্যরাত পর্যন্ত পুকুরপাড়ে সাত থেকে আটজন মিলে আমার স্ত্রীর ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে তাঁদের ছেড়ে দিলে তাঁরা সরাসরি পুঠিয়া থানায় গিয়ে পুলিশের কাছে বিষয়টি জানায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূঁঞা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান শুরু করে পুলিশ। ঘটনাস্থলের আশপাশ থেকে সাতজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।
কমেন্ট বক্স