সিনহার ছুটি অস্বাভাবিক নয়, আইনগত : কাদের
- আপলোড তারিখঃ
০৪-১০-২০১৭
ইং
সমীকরণ ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) এক মাসের ছুটি নেয়ার বিষয়টা অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধান বিচারপতির বিষয়ে আইনমন্ত্রী সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। এখানে বারবার কথা বলার প্রয়োজন নেই। মানুষ অসুস্থ হয়, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের সংবিধানের কারও অসুস্থতায় কি ব্যবস্থা নিতে হবে, তা ৯৭ ধারায় পথরেখা করে দিয়েছে। কাজেই সেভাবেই হবে। এখানে অস্বাভাবিক কিছু নেই। এটা আন্দোলনের বিষয় নয়, আইনগত বিষয়। মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর সঙ্গে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আগামী ৭ অক্টোবর জাতিসংঘ সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসলে তাকে নাগরিক গণসংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত হয় এবং তা সফল ভাবে অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। সভা শেষে ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ অক্টোবর লন্ডন হয়ে সিলেট বিমানবন্দর দিয়ে সকাল সাড়ে দশটায় বাংলাদেশ বিমানে ঢাকায় পৌঁছাবেন। তিনি এবারো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ধারাবাহিকতা বজায় রেখে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য দিয়েছেন। বিশ্বের অন্যান্য দেশে শরণার্থী প্রবেশে প্রথম ধাপে বাধা দেয়, আর বাংলাদেশের অসম সাহসী বঙ্গবন্ধু কন্যা রোহিঙ্গা প্রবেশে সীমান্ত খুলে দিয়েছে। যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, লে. কর্ণেল (অব) ফারুক খান, সম্পাদকম-লীর সদস্য মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. হাছান মাহমুদ, আফজাল হোসেন, শাম্মী আহমেদ, দেলোয়ার হোসেন, আব্দুস সবুর, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।
কমেন্ট বক্স