শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে
- আপলোড তারিখঃ
০৪-১০-২০১৭
ইং
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম
নিজস্ব প্রতিবেদক: জনগণের সহযোগিতা নিয়ে আপনাদেরকে পাশে রেখে কাজ করতে চাই। সকলে এগিয়ে এলে তবেই সমাজ থেকে নানা অপরাধ নিমূর্ল করা সম্ভব। আমরা সকলে যদি সচেতন হই তবেই অপরাধ কর্মকান্ড কমানো যাবে। পুলিশ-সাংবাদিক একে অন্যের পরিপূরক। শান্তিপূর্ণ সমাজ গঠনে দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তাঁর নিজ সভা কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম।
তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন গোয়েন্দা বিভাগে কাজ করেছি। সে সূত্রে আমার মধ্যে যে অনুসন্ধানী চিন্তা-ভাবনা আছে তা আমি জেলাবাসীর সেবায় কাজে লাগাবো।’ মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। এমনকি মাদকের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। এখানে আসার আগে আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে দায়িত্বপালন করে এসেছি। ওই সময় দায়িত্বে অবহেলা ও অবৈধ কর্মকান্ডে অভিযুক্ততার ভিত্তিতে অনেক অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দর্শনামুখী মাদক সেবণকারী ও বিক্রেতাদের মোটরসাইকেলের ¯্রােত থামানো হবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও পুলিশের নজরদারি বাড়ানো হবে।’ সামাজিক অবক্ষয় ও অপরাধ নিয়ে নবাগত পুলিশ সুপার বলেন, ‘বর্তমানে বিনোদন কেন্দ্র/পার্কগুলোতে নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ আসছে। এজন্য স্কুল-কলেজগামী শিক্ষার্থীর অভিভাবদের সচেতন হতে হবে।’ শহরে যানজট নিরসনে তিনি বলেন, ‘উচ্ছেদ করে নয়; আইনের মাধ্যমে শহর থেকে যানজট নিরসন করা হবে। আমি ইতিমধ্যেই এ ব্যাপারে যে আইন রয়েছে তা বের করতে পেরেছি, শিঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।’ এ ছাড়াও তিনি সাংবাদিকদের বক্তব্য গুরুত্বসহকারে শোনেন এবং আলোচনা করেন। সীমান্তে অবৈধ পারাপার, বাল্যবিয়ে এবং শহরের সিসিটিভি ক্যামেরাগুলো সক্রিয় রাখার ব্যাপারে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহা. কলিমুল্লাহ, সহকারি পুলিশ সুপার (হেডকোয়াটার্স) আহসান হাবীব, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী, সাংবাদিক এম এ মামুন, রফিকুল ইসলাম, শাহ আলম সনি প্রমূখ।
কমেন্ট বক্স