বাড়ি মালিকের ভাগ্নে ও তার বন্ধুকে মারপিট
- আপলোড তারিখঃ
২৫-০৯-২০১৭
ইং
চুয়াডাঙ্গা সিনেমাহল পাড়ায় ছাত্রী মেসে বহিরাগতদের হানা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সিনেমাহল পাড়ার এক ছাত্রী মেসে বহিরাগত বেশ কয়েকজন প্রবেশ করে আপত্তিকর কার্যকালাপের অভিযোগ তুলে পৌর শহরের তালতলার মইনুল ইসলামের ছেলে রাব্বি হাসান (২২) ও তার বদ্ধু দৌলৎদিয়াড় বাদলপাড়ার আব্দুর রহমানের ছেলে রিকন আহম্মেদ (২৫) কে বেধড়ক মারপিট করেছে বলে জানা গেছে। গতকাল রবিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মেসের ছাত্রীরা জানায়, সন্ধ্যার দিকে বাসার পানির লাইনে সমস্যা হওয়ায় রাব্বি ও তার বন্ধু রিকন তা ঠিক করতে আসে। কিছুক্ষণ পর একদল যুবক বাসার ভিতরে ঢুকে মেসের মেয়েদের সাথে আপত্তিকর কার্যকালাপের অভিযোগ তুলে তাদের দু’জনকে মারধর শুরু করে। এ সময় মেসের ছাত্রীদের উদ্দেশ্যেও অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে রাব্বি ও রিকনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন। তবে তাদের বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের দু’জনকে থানা হেফাজতে রাখা হয়। এদিকে দু’জনকে মারপিটের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, ‘শহরের সিনেমাহল পাড়ায় একটি ছাত্রী মেসে গোলযোগের খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে রাব্বি ও রিকনকে উদ্ধার করি। সকলের কাছে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। বেশ কয়েকজন বহিরাগত যুবকের তথ্য ইতিমধ্যে পাওয়া গেছে; যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সকলকে আটক করা হবে।’
কমেন্ট বক্স