বিএনপি সবচেয়ে জনপ্রিয় ও দেশপ্রেমিক দল
- আপলোড তারিখঃ
২৪-০৯-২০১৭
ইং
সমীকরণ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বিএনপি সত্যিকার অর্থে সবচেয়ে জনপ্রিয় ও দেশপ্রেমিক দল। কোনো কিছুর বিনিময়ে এই দল জাতীয় স্বার্থ বিকিয়ে দেবে না। এ কারণে সরকার বিএনপির সঙ্গে সমঝোতা করতে চায় না। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। প্রয়াত কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (কাজী জাফর) ওই আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, সরকার রোহিঙ্গা সংকট যথাযথভাবে উপলব্ধি করতে পারেনি। তারা এ ক্ষেত্রে জাতীয় ঐক্যও তৈরি করতে পারেনি। এটা সরকারের ব্যর্থতা। বিএনপির মহাসচিব বলেন, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করার জন্য গণহত্যা চালিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এতে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়ছে। তিনি রোহিঙ্গাদের মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের সসম্মানে নিজ দেশে ফেরত পাঠাতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এর আগেও রোহিঙ্গারা বিভিন্ন প্রেক্ষাপটে দুবার বাংলাদেশে প্রবেশ করেছিল। ১৯৭৮ সালে জিয়াউর রহমান এবং ১৯৯২ সালে খালেদা জিয়া তাদের আশ্রয় দিয়ে স্বল্প সময়ের মধ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা নিয়েছিলেন। মির্জা ফখরুল বলেন, সরকার রোহিঙ্গা নির্যাতনকে এখনো গণহত্যা বলছে না। এতে হয়তো মিয়ানমারকে যেসব দেশ সমর্থন দিচ্ছে তাদের বিরাগভাজন হতে হবে। এ কারণে সরকার ভয় পায়। তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে ঐক্য করে সংকট মোকাবিলায় সক্ষম হবে।
কমেন্ট বক্স