মেহেরপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ লাল-চাঁদ মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২ এর মেহেরপুর কোম্পানি কমান্ডার এএসপি এনামুল হক। লাল চাঁদ মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার কলোনীপাড়া এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ লাল চাঁদ মিয়াকে আটক করা হয়। ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, সদর উপজেলার কলোনীপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪ কেজি গাঁজাসহ লাল চাঁদ মিয়াকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবত মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে আসছিল। লাল চাঁদ ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গাংনী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
সমীকরণ প্রতিবেদন