৫৭ ধারায় মামলার প্রস্তুতি : পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যুবদল নেতা ইমন বিশ্বাস
- আপলোড তারিখঃ
১৯-০৯-২০১৭
ইং
প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে মেহেরপুর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মেহেরপুর অফিস: প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে পোষ্ট দেওয়ায় মেহেরপুর পৌর যুবদলের প্রচার সম্পাদক ইমন বিশ্বাসের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহাম্মেদ রুপক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম আনন্দ, সাধারণ সম্পাদক রাজন মালিথা, গাংনী উপজেলা সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সরকারী কলেজ সভাপতি কুদরত-ই খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে পোষ্ট দেওয়ায় মেহেরপুর পৌর যুবদলের প্রচার সম্পাদক ইমন বিশ্বাসকে (৩৫) পিটিয়ে আহত করা হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের মল্লিকপাড়া থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। বর্তমানে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। আহত ইমন বিশ্বাস শহরের নীলমনি হল পাড়ার আব্দুস সাত্তারের ছেলে। পুলিশ জানায়, যুবদল নেতা ইমন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে একটি পোষ্ট দেয়। বিষয়টি জানাজানি হলে শহরের মল্লিকপাড়ায় একদল দুর্বৃত্ত তাকে পিটিয়ে আহত করে। পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ সময় তার বাড়িতেও ভাংচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে পুলিশ পাহারায় আহত ইমনের চিকিৎসা চলছে। তাকে আটক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তির ৫৭ ধারায় মামলা করার জন্য পুলিশ হেড কোয়ার্টারে জানানো হয়েছে।
এদিকে এর প্রতিবাদে রোববার রাত ১০টার দিকে শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম আনন্দ, কলেজ সভাপতি কুতরত-ই খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স