উৎকোচের বিনিময়ে প্রকৃত মুক্তিযোদ্ধার নাম বাদ দেওয়া হয়েছে
- আপলোড তারিখঃ
১৬-০৯-২০১৭
ইং
চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা হাসেম আলীর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা মো. হাসেম আলী অভিযোগ করেছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই নিরপেক্ষভাবে হয়নি। উৎকোচ নিয়ে অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। আবার প্রকৃত মুক্তিযোদ্ধার নামও বাদ পড়েছে তালিকা থেকে।
গতকাল শুক্রবার সকালে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। অতি সম্প্রতি যাচাই বাছাই শেষে চুয়াডাঙ্গা সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রসঙ্গে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ক্ষেত্রে উৎকোচ নেওয়ার অভিযোগ ছাড়াও ২০১৬ সালে মুক্তিযোদ্ধাদের কল্যাণে ফান্ড গঠনের লক্ষে অনুষ্ঠিত বিজয় মেলার অর্থও তছরুপ করার অভিযোগ আছে। সাবেক সদর থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর সাড়ে নয় লাখ টাকা আত্মসাত করেন। দুই জন বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার নাম করেও ২০ হাজার টাকা নিয়ে আত্মসাত করার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘোষিত তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম বাদ দিতে হবে। সেইসাথে ওই তালিকায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স