৪ জনের নামসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা
- আপলোড তারিখঃ
১০-০৯-২০১৭
ইং
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের অটোচালক কামরুলের লাশ উদ্ধারের ঘটনায়
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় আলোচিত ইজিবাইক চালক চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ের কামরুল ইসলাম নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল আলমডাঙ্গা থানায় নিহত কামরুল ইসলামের পিতা আ. ছালাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলা সুত্রে জানা গেছে, হত্যাকান্ডের একদিন আগে গত ২৭ আগষ্ট পূর্ব পরিচিত আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের ৩ জন ও চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামের একজন সকাল ৯টার দিকে কামরুল ইসলামের অটো রিজার্ভ করে দিনভর বিভিন্ন এলাকা ঘুরে পরের দিন ভাড়া পরিশোধ করার কথা বলে চলে যায়। পরের দিন সকাল ৭টায় মালিক মুক্তার আলীর অটো চুয়াডাঙ্গার হাসপাতাল রোডে এরশাদ আলীর গ্যারেজ থেকে নিয়ে ভাড়ার উদ্দ্যোশে বের হয় কামরুল। ঐদিন সন্ধ্যায় কামরুল বাড়ীতে ফোন দিয়ে বলে যে, সে আলমডাঙ্গা হাটবোয়ালিয়া গ্রামে আছে। তার আসতে দেরি হবে। পরে রাত ৯টার দিকে কামরুলের স্বজনরা তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করে ফোন বন্ধ পায়। এতে কামরুলের স্বজনরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখঁজি করে। পরের দিন সকাল ৬টায় আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের যাদবপুরÑশ্যামপুর সড়কের বালুর মাঠ নামক স্থানে ক্যানেলে অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে থাকার সংবাদ পেয়ে নিহত কামরুলের স্বজনরা ঘটনাস্থলে এসে কামরুলের লাশ শনাক্ত করে। আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করে। ঐদিন আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। ময়নাতদন্ত শেষে গতকাল নিহত কামরুলের পিতা আ. ছালাম বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশকয়েক জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কমেন্ট বক্স