গাংনী অফিস:
মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুমানা আহম্মেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর এ সিদ্ধান্ত আসে কেন্দ্র থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয়সহ দপ্তর সম্পাদক অ্যাড. তাইফুল ইসলাম টিপুর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদস্য রোমানা আহমেদ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত ২৬ এপ্রিল ২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করেন রোমানা আহম্মেদ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অতিবাহিত হলেও তিনি সিদ্ধান্তে অনড় ছিলেন। তবে তিনি নির্বাচনী প্রচার প্রচারণায় ছিলেন না। গতকাল রোববার দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রুমানা আহম্মেদ। একইসাথে দলের নেতা-কর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
সমীকরণ প্রতিবেদন