সমীকরণ প্রতিবেদক:আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ অর্থবছরের আওতায় আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন পরিষদের হলরুমে সামাজিক বিভিন্ন ইস্যুতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মো. হাসানুজ্জামান সরোয়ার বাল্যবিবাহ, মাদক, স্মার্টফোন ব্যবহার এবং বাবা-মায়ের অন্ধ ভালোবাসা অনেক সময় সন্তানের ধ্বংসের কারণ তুলে ধরে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত ও চিৎলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. নিজামউদ্দিন। অতিথিরা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ডিজিটাল বাংলাদেশের সুবিধা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, মাদকের কুফল, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, নিরাপদ খাদ্য এবং গুজব, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। সভাপতির বক্তব্য দেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের অফিস সহকারী পারভিন সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ ১৪০ জন।
সমীকরণ প্রতিবেদন