সমীকরণ প্রতিবেদক:
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ‘স্বপ্নজয়ী মা’-এর সম্মানে ভূষিত আম্বিয়া খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার বিকেল চারটায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হৈবতপুর গ্রামের নিজ বাড়িতে অবস্থানকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যা, পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আম্বিয়া খাতুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, কৃষি মন্ত্রণালয়ের এপিএ এক্সপার্ট পুলের সদস্য ও অরিন্দম চুয়াডাঙ্গার আজীবন সদস্য ড. হামিদুর রহমানের মা। তাঁর জ্যেষ্ঠ পুত্র লুৎফর রহমান কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন জেলা ও উপজেলায় কৃষি অফিসার ও উপ-পরিচালক, পরিচালক পদে কর্মরত ছিলেন। তাঁর কন্যাত্রয় জোবেদা খাতুন, আকলিমা খাতুন ও হালিমা খাতুন স্ব স্ব পেশায় প্রতিষ্ঠিত।
জানা গেছে, আম্বিয়া খাতুন ২০২২ সালে সমাজসেবা অধিদপ্তরের স্বপ্নজয়ী মায়ের সম্মানে ভূষিত। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এরই মধ্যে গতকাল বুধবার বিকেলে নিজ বাড়িতে অবস্থাকালে তাঁর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় হৈবতপুর নিজ গ্রামে জানাজা শেষে আম্বিয়া খাতুনের দাফনকার্য সম্পন্ন করা হবে।
এদিকে, রত্নগর্ভা মায়ের প্রয়াণে ঢাকাস্থ দর্শনা পরিবার, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন, অনির্বাণ থিয়েটার, উদীচী-চুয়াডাঙ্গা, আনন্দধাম-দর্শনা, প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ শোকজ্ঞাপন ও পারলৌকিক মুক্তি কামণা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
সমীকরণ প্রতিবেদন