নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাড়ি ও গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি জোহা মুন্সিপাড়ার মৃত সামাদ আলীর ছেলে স্বপন আলী (৩৪) ও সদর উপজেলার গাইদঘাট এলাকার রহিদুল ইসলামের ছেলে লাল মিয়া (২৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার বুজরুক গড়গড়ি মুন্সিপাড়ায় অভিযান চালিয়ে ১ লিটার তাড়িসহ স্বপনকে আটক করে। পরে বিকেল পাঁচটার দিকে একই এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ লাল মিয়াকে আটক করে।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্বপনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা এবং লাল মিয়াকে ২০ দিনের বিনাশ্রম ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সমীকরণ প্রতিবেদন