সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বিজ্ঞান মেলায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘স্মার্ট সিটি’ প্রজেক্ট দিয়েছে। এই প্রকল্পটি স্মার্ট বাংলাদেশের মূল চারটি স্তম্ভের মধ্যে দুটি, স্মার্ট সোসাইটি ও স্মার্ট ইকোনোমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে শিক্ষার্থীরা।
প্রকল্প প্রদর্শন দলের সদস্য হিসেবে রাফি ও আপন জানায়, প্রকল্পের প্রথম অংশে একটি ব্যতিক্রমী স্মার্ট সোলার ট্র্যাকারের কাজ স্বয়ংক্রিয়ভাবে দেখানো হয়েছে। বাংলাদেশের সাধারণ সোলার সিস্টেমগুলো একমুখী, যা শুধুমাত্র দক্ষিণ দিকের আলো সংগ্রহ করতে পারে। তবে স্মার্ট সোলার সিস্টেমটি স্বয়ংক্রিয় ও মুক্তমুখী হওয়ায় সূর্যের অবস্থানের সাথে সাথে নিজের দিক পরিবর্তন করতে পারে। ফলে নবায়নযোগ্য শক্তির সম্পূর্ণ ব্যবহার করা সম্ভব হচ্ছে। প্রকল্পের দ্বিতীয় অংশে স্মার্ট সিকিউরিটি সিস্টেমের সাহায্যে বাড়ির চারপাশে লেজার রশ্মি ব্যবহার করে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যার ফলে সেই নিরাপত্তা ব্যবস্থার ভিতরে কেউ প্রবেশ করলে লেজার রশ্মির বিচ্যুতি ঘটিয়ে সাউন্ড অ্যালার্ম বেজে আমাদেরকে সাহায্য করবে। প্রকল্পটিতে সামগ্রিক সহযোগিতায় করছে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নোবেল, রুপম, প্রমিক ও জাওয়াদুল।
সমীকরণ প্রতিবেদন