ভ্রাম্যমান প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় বুদ্ধি প্রতিবন্ধী স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি কালু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গার হারদী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কালু মিয়া উপজেলার হারদী ইউনিয়নের হারদী গ্রামের পূর্বপাড়ার রহমত আলী বক্সের ছেলে। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ১০ টাকার লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে কালু মিয়া। বুদ্ধি প্রতিবন্ধী ওই স্কুলছাত্রী ছুটির পরও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে কালু মিয়ার ঘর থেকে ওই স্কুলছাত্রীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার দিনই স্কুলছাত্রীর মা বাদী হয়ে কালু মিয়াকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
গত বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একরামুল হোসাইন নেতৃত্বে এসআই আমিনুল হক হারদী বাজারে অভিযান চালিয়ে কালু মিয়াকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় কালু মিয়াকে আদালতে সোপর্দ করা হয়।
সমীকরণ প্রতিবেদন